ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিল সরকার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ ফেব্রুয়ারী ১৭, ০৪:৫০ অপরাহ্ন
ভোজ্যতেলের বাজার গত দুমাস ধরেই অস্থির। সয়াবিন তেলের দামে রেকর্ড সৃষ্টি হয়েছে। গ্রাহকদের দিশেহারা অবস্থা। এমন পরিস্থিতিতে সরকার ভোজ্যতেল বিশেষ করে সয়াবিনের দাম নির্ধারণ করে দিয়েছে। খুচরা বাজারে এখন থেকে খোলা সয়াবিন প্রতি লিটার ১১৫ টাকা আর বোতলজাত সয়াবিন ১৩৫ টাকায় বিক্রি হবে। বুধবার সচিবালয়ে অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ সিদ্ধান্তের কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেলের আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ দাম নির্ধারণ করা হয়েছে। সামনে রমজান মাস, বর্তমানে যথেষ্ট মজুদ আছে। সব হিসেব-নিকেশ করে এ দাম নির্ধারণ করা হয়। তিনি বলেন, প্রতি লিটার সয়াবিন (খোলা) পাইকারি পর্যায়ে ১১০ টাকা, খুচরা মূল্য ১১৫ টাকা আর মিলে গেটে ১০৭ টাকায় বিক্রি হবে। আর প্রতি লিটার বোতলজাত সয়াবিনের মিল গেট মূল্য ১২৩ টাকা, পাইকারি মূল্য ১২৭ টাকা এবং খুচরা মূল্য ১৩৫ টাকা। ৫ লিটার বোতলজাত সয়াবিন মিল গেট মূল্য ৫৮৫ টাকা, পরিবেশক মূল্য ৬০০ টাকা এবং খুচরা মূল্য ৬২৫ টাকা। অন্যদিকে পাম সুপার তেলে প্রতি লিটার মিল গেটে মূল্য (খোলা) ৯৫ টাকা, পরিবেশক মূল্য ৯৮ টাকা এবং খুচরা বাজারে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সভায় বাণিজ্য সচিব জাফর উদ্দিন, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, ভোজ্য তেল আমদানিকারক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework