মানবতাবিরোধী অপরাধ: হবিগঞ্জের শফির মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ Jun ৩০, ০৮:০৭ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের শফি উদ্দিন মাওলানার মৃত্যুদণ্ড ও তিনজনের আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া একজনকে মামলা থেকে খালাস দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

গত মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল হবিগঞ্জের লাখাইয়ের পাঁচ আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রায় দেয়ার দিন ঠিক করেন।

এ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

এর আগে উভয়পক্ষের শুনানি শেষে গত ১৭ মে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। গত মঙ্গলবার ঘোষণার দিন ধার্য করা হয়। 

পাঁচ আসামি হলেন মো. তাজুল ইসলাম ওরফে ফোরকান, মো. জাহেদ মিয়া, ছালেক মিয়া, মো. শফি উদ্দিন মাওলানা ও সাব্বির আহমেদ

আদালতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা শুনানিতে ছিলেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সোবহান তরফদার, গাজী এম এইচ তামিম ও আবদুস সাত্তার পালোয়ান।

পাঁচ আসামির মধ্যে শফি উদ্দিন ও সাব্বির পলাতক বলে জানান প্রসিকিউটর রেজিয়া সুলতানা।

তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় লাখাইয়ে হত্যা, নির্যাতন, অপহরণ, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে।

এর আগে ওই মামলায় ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। হবিগঞ্জের লাখাইয়ের পাঁচ আসামির বিরুদ্ধে ২০১৮ সালের ২১ মার্চ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework