হাইকোর্টের রুল জারি, বিয়ে-ডিভোর্স নিবন্ধন ডিজিটালাইজ কেন নয়

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ মার্চ ২৩, ০৮:১৬ পূর্বাহ্ন
বিয়ে ও ডিভোর্সের ক্ষেত্রে পারিবারিক জীবনের বৃহত্তর সুরক্ষায় ডিজিটালাইজ রেজিস্ট্রেশনের জন্য কেন্দ্রীয়ভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।মঙ্গলবার (২৩ মার্চ) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান।একটি বেসরকারি সংস্থার সেক্রেটারি এবং তিন ব্যক্তির পক্ষে ৪ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন আইনজীবী ইশরাত হাসান। রিট আবেদনকারীরা হলেন- এইড ফর ম্যান ফাউন্ডেশনের পক্ষে প্রতিষ্ঠানটির সেক্রেটারি সাইফুল ইসলাম নাদিম, মাগুরার শালিখা উপজেলার বদরুদ্দিন মন্ডলের ছেলে মো. সোহাগ হোসেন, উত্তরা মডেল টাউনের ৫ নম্বর সেক্টরের মো. নজরুল বিশ্বাসের ছেলে মো. রাকিব হাসান এবং নোয়াখালী সদরের আমির হোসেনের ছেলে মো. কামরুল হাসান। এর মধ্যে রাকিব হাসান সদ্য বিয়ে করা ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তামির আগের স্বামী। রিট আবেদনে আইন মন্ত্রণালয়ের দুই সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, ধর্ম সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। আইনজীবীর দাবি বিবাহ ও ডিভোর্স রেজিস্ট্রেশন ডিজিটালি না হওয়ায় ভুক্তভোগীরা অসংখ্য মামলায় জড়াচ্ছেন। তাই ছবিসহ ওয়েবসাইটে বিবাহ ও ডিভোর্সের রেজিস্ট্রেশন করা থাকলে যে কোনো পক্ষ বিয়ের আগে তা দেখে নিতে পারেন। আর কমবে মামলার সংখ্যাও। ছেলে মেয়েরা সম্মানহানি থেকে বাঁচবেন। ২৪ টিভি/এডি

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework